বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ০০:২০ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১১:০১ এএম
কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডক্টর
অব লজ
(Honoris Causa) ডিগ্রি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন-২০২৩
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ বিশেষ সমাবর্তনে অংশগ্রহণ করতে আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ১ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ অক্টোবর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এ বিশেষ সমাবর্তন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক
শিক্ষার্থী ও ডক্টর অব লজ (Honoris Causa) ডিগ্রিপ্রাপ্ত উন্নয়নের
রোল-মডেল খ্যাত, আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সমাবর্তন-বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন।
সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া
সম্মানিত শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে স্ব-স্ব প্রোফাইলে লগইন করে বাঁ পাশের ‘Special
Convocation’ মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয়
তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে স্ব-স্ব প্রোফাইলে লগইন করে বাঁ পাশের ‘Special
Convocation’ মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয়
তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা https://convocation.du.ac.bd/ পোর্টালের Register মেন্যুতে ক্লিক করে নিম্নোক্ত ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন : প্রথমে Registered Graduate রেডিও বাটন সিলেক্ট করুন এবং ‘Next’ বাটনে ক্লিক করুন। পরে আপনার রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন নম্বর প্রদান করুন এবং ‘Next’ বাটনে ক্লিক করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা তাদের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন নম্বর https://reggrad.du.ac.bd/voter_list_lifetime সাইট থেকে জেনে নিতে পারবেন। পরবর্তী ধাপে আপনার অন্যান্য তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার একপর্যায়ে আপনার একটি সচল মোবাইল নম্বর, সাম্প্রতিক ছবি ও NID কার্ডের স্ক্যান কপি প্রয়োজন হবে।
অ্যালামনাই সদস্যরা https://convocation.du.ac.bd পোর্টালের Register মেন্যুতে ক্লিক করে নিম্নোক্ত ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন :
প্রথমে Alumni রেডিও বাটন সিলেক্ট করুন এবং ‘Next' বাটনে
ক্লিক করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নিবন্ধিত লাইফ মেম্বারস
ডাটাবেজে আপনার যে মোবাইল নম্বরটি নিবন্ধিত রয়েছে সেই মোবাইল নম্বরটি প্রদান করুন
এবং ‘Next’ বাটনে ক্লিক
করুন। উক্ত ডাটাবেজে আপনার কোন মোবাইল নম্বরটি নিবন্ধিত রয়েছে তা নিশ্চিত না হলে আপনি
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিসে যোগাযোগ করুন।
পরবর্তী ধাপে আপনার অন্যান্য তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার একপর্যায়ে আপনার সাম্প্রতিক ছবি ও
NID কার্ডের স্ক্যান কপি প্রয়োজন হবে। বিশেষভাবে উল্লেখ্য, রেজিস্ট্রেশন সম্পন্নের আগেই আপনার প্রদত্ত মোবাইল নম্বরটি ভেরিফাই করা হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষার্থী ও শিক্ষকরা স্ব
স্ব ড্যাসবোর্ড এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা
https://convocation.du.ac.bd পোর্টালে লগইন করে স্যুভেনির সংগ্রহের রসিদ ও রেজিস্ট্রেশন
ফরম ডাউনলোড করতে পারবেন।
শিক্ষকরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে ২৩ ও ২৫ অক্টোবর
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে স্যুভেনির,
আমন্ত্রণপত্র ও কস্টিউম সংগ্রহ করবেন। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা
ডাউনলোড করা ফরমের কপি জমা দিয়ে একই তারিখ, সময় ও স্থান থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র
সংগ্রহ করবেন।
শিক্ষার্থীরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে ২৩ ও ২৫
অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্ব-স্ব অনুষদ থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র
সংগ্রহ করবেন।
শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই
প্রতি ক্যাটাগরিতে আসন সংখ্যা নির্ধারিত। ফলে যেকোনো ক্যাটাগরিতে নির্ধারিত-সংখ্যক
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে উক্ত ক্যাটাগরির রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে
বন্ধ হয়ে যাবে।