এসএসসির ফল পুনর্নিরীক্ষণ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ২১:০২ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ২১:০৪ পিএম
ফাইল ফটো
এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষিত ফল প্রকাশ হয়েছে। এতে পরিবর্তন এসেছে তিন হাজার ১৬ শিক্ষার্থীর ফল। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৬০৯ জন। আর ফেল থেকে পাস করেছেন দুই হাজার ৪৭৫ শিক্ষার্থী।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে প্রকাশিত পুনর্নিরীক্ষিত ফল থেকে এসব জানা যায়।
ফল বিশ্লেষণে দেখা যায়, নতুন করে জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ঢাকা বোর্ডে ৩৬২, চট্টগ্রাম বোর্ডে ১৬২, যশোর বোর্ডে ৫১, কুমিল্লা বোর্ডে ৯৪, রাজশাহী বোর্ডে ৫৩, বরিশাল বোর্ডে ২৯, সিলেট বোর্ডে ৪৯, ময়মনসিংহ বোর্ডে ১৪৯, দিনাজপুর বোর্ডে ৬১, মাদ্রাসা বোর্ডে ৫৯৭ এবং কারিগরি বোর্ডে দুই জন শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে যশোর বোর্ডে ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছে নয় জন শিক্ষার্থী।
ফেল থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১০৪, চট্টগ্রাম বোর্ডে ১৩০, যশোর বোর্ডে ৫২, কুমিল্লা বোর্ডে ১৮০, রাজশাহী বোর্ডে ৪৯, বরিশাল বোর্ডে তিন, সিলেট বোর্ডে ৮১, ময়মনসিংহ বোর্ডে ৯৩, দিনাজপুর বোর্ডে ৭৬, মাদ্রাসা বোর্ডে এক হাজার ৫৩৪ এবং কারিগরি বোর্ডে ১৭৩ জন রয়েছেন।
ফল ঘেঁটে জানা যায়, ঢাকা বোর্ডের পরীক্ষার ফলে সন্তুষ্ট হতে না পেরে উত্তরপত্র চ্যালেঞ্জ করেন ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ফলে পরিবর্তন এসেছে তিন হাজার ১৬ শিক্ষার্থীর।
কুমিল্লা বোর্ডে পরিবর্তন এসেছে ৮৭৯ শিক্ষার্থীর। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ৬০৫ জনের। এ বোর্ডে ২৭ হাজার ৬০ শিক্ষার্থী ৬৫ হাজার ৪০ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।
সিলেট বোর্ডে ১৪ হাজার ২০ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেন। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ৪৭২ শিক্ষার্থীর।
এছাড়া রাজশাহী বোর্ডের ৩৬১, চট্টগ্রাম বোর্ডের এক হাজার ৮০, বরিশাল বোর্ডের ১৭১ এবং যশোর বোর্ডের ৫৩৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
মাদ্রাসা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৪ হাজার ১৯৫ জন শিক্ষার্থীর। এ বোর্ডে ২৩ হাজার ৬৬৫ শিক্ষার্থী ৪৭ হাজার ৬৯৯টি আবেদন করেন।
কারিগরিতে মোট ১১ হাজার ৭৬৬ শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২৩৩ জনের।