× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার দাবিতে সারা দেশে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২২:২৪ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২২:৩২ পিএম

রংপুর প্রেসক্লাব প্রাঙ্গনে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ করেছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ও ম্যাটস শিক্ষার্থীরা। প্রবা ফটো

রংপুর প্রেসক্লাব প্রাঙ্গনে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ও ম্যাটস শিক্ষার্থীরা। প্রবা ফটো

কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, অ্যালাইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবিতে রবিবার (২৭ আগস্ট) সারা দেশে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ও ম্যাটস শিক্ষার্থীরা। দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জনের ডাক দেন তারা।

বগুড়ায় ‘কাফনের কাপড়’ পরে মানববন্ধন করেছেন বিডিএমএসএ ও ম্যাটস শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালিত হয়। দাবি আদায় না হলে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জন করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কর্মসূচিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘দীর্ঘ ১২ বছর সরকারিভাবে কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না। প্রতি বছর ৭ থেকে ১০ হাজার শিক্ষার্থী পাস করে বের হলেও সেসব শিক্ষার্থী বেকার থেকে যাচ্ছেন। এ বেকারত্ব থেকে আমরা মুক্তি চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট, পরীক্ষা বর্জন ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শামী, মাহবুবুর রহমান মামুন, নিপুণ, মোতালেব, বিডিএমএসের জহিরুল, ইসরাত, শাকিল, জিহাদ ও জাকির।

চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট, ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন সিলেট জেলার ম্যাটস শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন তারা সরকারের কাছে দাবি জানিয়ে এলেও দাবি পূরণ হয়নি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

বক্তব্য দেন কিবরিয়া আহমদ, ছিব্বির আহমদ, প্রদীপ কুমার সাহা, সালমান আহমদ, হারুন শিকদার, জাবেদ আহমদ, জাহেদ আহমদ ও শেপী প্রমুখ। শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে বিক্ষোভ করার সময় নগরীর চৌহাট্টা, আম্বরখানা ও জিন্দাবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

চার দফা দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন ম্যাটস শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তৌফিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হানুল রাব্বী, রংপুর জেলার সাবেক সভাপতি মোহাম্মদ পিয়াল, শিক্ষার্থী হাবিবুর রহমান, হুমায়রা খন্দকারসহ অন্যরা।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ গুরুত্ব দিয়ে ডিপ্লোমা মেডিকেল ফ্যাকালটি (ডিএমএফ) গঠন করেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের উচ্চ শিক্ষা ও পদোন্নতির কথা থাকলেও গত ৪৮ বছরে তা বাস্তবায়ন হয়নি। ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কোনো সুযোগ নেই। তাই আমরা চার দফা দাবিতে আন্দোলনে নেমেছি।

এর আগে ম্যাটস শিক্ষার্থীরা প্রাইম হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টার্মিনাল রোড, ধাপ চেক পোস্ট সড়ক, কাচারী বাজার, সিটি বাজার সড়কসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য দেন সাবেক ইন্টার্ন শিক্ষার্থী জুনায়েদ বিশ্বাস, সোহান মুন্সী, সাজ্জাদ হোসেন হোসেন প্রমুখ। তারা বলেন, আমাদের চারটি দাবিই শিক্ষার্থীদের প্রাণের দাবি। তাই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

ফেনীতেও চার দফা দাবিতে মানববন্ধন করেছেন ম্যাটস শিক্ষার্থী। সকাল ৯টা থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে কর্মবিরতি ও ধর্মঘট পালন করেন তারা। শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টির (ডিএমএফ) শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা অবহেলার শিকার হয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে ইন্টার্নশিপ বাতিলসহ নানা ষড়যন্ত্র শুরু হয়েছে এ সেক্টর নিয়ে। অনতিবিলম্বে এসব ষড়যন্ত্র বন্ধসহ চার দাবিতে আন্দোলনে নেমেছে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা