রাজশাহী অফিস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৬:২৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার কর্নারটির উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন।
মুখ্য আলোচক ছিলেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফারহাত তাসনীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ বক্তব্য রাখেন।
মুখ্য আলোচক অধ্যাপক সনৎকুমার সাহা বলেন, বঙ্গবন্ধু ছিলেন দ্যূতিময় এক রাষ্ট্রনায়ক। একজন রাজনৈতিক কর্মী থেকে হয়ে উঠেছেন জাতির পিতা। চিরপরাধীন বাঙালি জাতিকে স্বাধীন করেছেন। তিনি বহুমুখী প্রতিভা ও চিন্তা চেতনার মানুষ ছিলেন। তাকে জানতে হলে প্রয়োজন তার সম্পর্কে পড়াশোনা ও আহরিত জ্ঞান অনুশীলন করা। আমরা বঙ্গবন্ধুর চর্চার মাধ্যমে তাকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারব।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, মানুষ হিসেবে বঙ্গবন্ধু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার সম্পর্কে জানতে হলে, তার চিন্তা চেতনা বুঝতে হলে সে বিষয়ে গভীর পড়াশোনা প্রয়োজন। বঙ্গবন্ধু কর্নারে যেসব বইপত্র আছে সেগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও তার চিন্তা-ধারা সম্পর্কে জানতে পারবে বলে আশা করছি।