বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৫:০০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৫:০৪ পিএম
ফের আন্দোলনে নামলেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে আজিমপুর থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত উভয়মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
দুপুরের দিকে নীলক্ষেত মোড়ে গিয়ে দেখা যায়, শত শত শিক্ষার্থী সড়কে জড়ো হয়েছেন। দাবি আদায়ে নানা স্লোগান দিচ্ছিলেন তারা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকের গায়ে কাফনের কাপড় দেখা গেছে। নানা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে যোগ দিয়েছেন তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত নীলক্ষেত মোড় না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার (প্রমোশন) সুযোগের দাবিতে কিছুদিন ধরে নানা কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ দাবি মেনে না নেওয়ায় ফের আন্দোলন শুরু করলেন তারা। এর আগে ২২ আগস্ট তারা নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে বসে আছে। কিন্তু আমরা এখনো ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে।’
সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখপাত্র মোখলেসুর রহমান বলেন, ‘পরীক্ষার ৯ মাস পর পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। এটি তো ঠিক নয়। এতদিন পরে কেন রেজাল্ট দেওয়া হবে! কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে অকৃতকার্য হলে তিনি যেন সেই বিষয়ে পরের বছর পরীক্ষা দিতে পারেন, সেই সুযোগ রাখার দাবি আমাদের।’

এদিকে অবরোধের কারণে আজিমপুর থেকে সাইন্সল্যাব এবং সাইন্সল্যাব থেকে আজিমপুর অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।