চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২২:০৮ পিএম
সিআইইউর ‘অ্যাডমিশনডে’তে ভর্তি পরীক্ষায় অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
বিপুল উৎসাহ ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে অটাম-২০২৩ সেমিস্টারের ‘সিআইইউ অ্যাডমিশন ডে’। মঙ্গলবার সকালে নগরের জামাল খান ক্যাম্পাসে উচ্চশিক্ষায় ভর্তি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে অটাম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ছাড়াও আরও ছিল ক্যারিয়ার আড্ডা, ক্যাম্পাস ট্যুর, স্কলারশিপ প্রদানসহ নানা আয়োজন। এ ছাড়াও ভর্তি পরীক্ষায় টপ স্কোরারদের জন্য শতভাগ টিউশন ফি ওয়েভার।
সকালে পরীক্ষার হলগুলো ঘুরে দেখেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় তিনি বলেন, সিআইইউর অ্যাডমিশন ডে নিছক কোনো ভর্তি সংক্রান্ত অনুষ্ঠান নয়। এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের গুণগত শিক্ষায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউর অ্যাডমিশন ডে’র আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন ড. শাহ আহমেদ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন প্রমুখ।
চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করা হালিমাতুন সাদিয়া নামের এক শিক্ষার্থী বলেন, ‘ইংরেজি আমার পছন্দের সাবজেক্ট। ইচ্ছে আছে এই বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে ক্যারিয়ার গড়ব।’ তৌসিফ মাহাবুব নামের অপর এক ছাত্র জানালেন, তিনি বিবিএতে ভর্তি হতে চান। তার বন্ধু পলাশ এসেছেন ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হতে। সবার কাছেই পুরো আয়োজন দেখে ভালো লেগেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সিআইইউ অ্যাডমিশন ডে নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছিল বাড়তি উচ্ছ্বাস। প্রতিবছরের মতো এবারও এই আয়োজন রূপ নিয়েছিল ভর্তিচ্ছুদের মিলনমেলায়। বর্তমানে সিআইইউতে বিবিএ, এমবিএ, সিএসই, ট্রিপল ই (ইইই), ইটিই, বিএ ইন ইংলিশ, এম ইন ইংলিশ, এলএলবি, এলএলএম এবং এলএলএম ইন হিউম্যান রাইটস প্রোগ্রাম চালু রয়েছে।