রাজশাহী অফিস
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১০:০২ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১০:৫১ এএম
আটক আহসান হাবিব
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে চান্স পাওয়া এক শিক্ষার্থী ভর্তি হতে এসে আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভর্তি হতে এসে জালিয়াতির কথা স্বীকার করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর আহসান হাবিব নামে ওই শিক্ষার্থীকে আটক করে মতিহার থানায় সোপর্দ করে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আটক শিক্ষার্থীর মা রেহেনা বেগমের দাবি, তার সন্তানকে রাবির প্রভাবশালী কয়েকজন শিক্ষার্থী আটকে রেখে অর্থ দাবি করে। বিষয়টি তিনি রাবি প্রশাসনকে জানালে পরে তার ছেলেকে উদ্ধার করে পুলিশে দেয়।
জানা গেছে, ২০২২-২৩ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে মেরিট পজিশন পান আহসান হাবিব। জালিয়াতির মাধ্যমে মেরিট লিস্টে জায়গা করে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তির সুযোগ পান তিনি। বৃহস্পতিবার মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসেন রংপুরের পীরগঞ্জের এই শিক্ষার্থী।
আহসান হাবিবের মায়ের ভাষ্য, বৃহস্পতিবার ভর্তির পর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রাঙ্গণসহ কয়েকজন ছাত্র তার ছেলেকে শেরেবাংলা হলে নিয়ে গিয়ে চাঁদা দাবি করে মারধর করে। খবর পেয়ে প্রক্টর দপ্তরে আসেন মা। এরই মধ্যে তাদের গ্রামের বাড়িতে ফোন করে টাকা দাবি করেন প্রাঙ্গণ নামে ওই শিক্ষার্থী। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
এদিকে রাবির এক সূত্র জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করে আহসান হাবিব বলেছেন, ভর্তি পরীক্ষায় প্রক্সির জন্য চুক্তি হয় তার। চুক্তি অনুযায়ী আগেই ৩ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। আরও ৩ লাখ টাকা বাকি থাকায় তাকে শেরেবাংলা হলে নিয়ে ওই টাকা দাবি করা হয়।
আহসান হাবিবকে আটকের বিষয়ে মতিহার থানার ওসি বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে এক শিক্ষার্থীকে হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ওই শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে ভর্তি হয়েছেন বলে স্বীকার করায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ জালিয়াতির ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে রাবি প্রশাসন।