বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৫:০৩ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৫:২৩ পিএম
জাতীয় শোক দিবসে সিআইইউতে দাঁড়িয়ে নীরবতা পালন করেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। প্রবা ফটো
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেছেন, স্বাধীনতা শব্দটির ব্যাপকতা অন্তরে ধারণ করে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতি ও শোষণমুক্ত দেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
চট্টগ্রাম নগীরর জামাল খানে অবস্থিত সিআইইউর ক্যাম্পাসে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসের শোকসভায় তিনি এসব কথা বলেন। এটির আয়োজন করে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটি।
উপাচার্য মাহফুজুল হক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বঙ্গবন্ধু যে দেশ উপহার দিয়ে গেছেন, সেটিকে বিশ্বের মানচিত্রে সবার উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার।
দেশের তরুণরা জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে ভালোবাসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি
জাতীয় শোক দিবস পালন করার জন্য দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সিআইইউ কর্তৃপক্ষ। প্রথম দিন সোমবার ছিল ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনী। মঙ্গলবার অনুষ্ঠিত হয় শোকসভা।
শোকসভায় কমিটির আহ্বায়ক অধ্যাপক নুরুল আবসার নাহিদ বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশের শিক্ষাখাতে গুণগত পরিবর্তন আনার স্বপ্ন দেখেছিলেন। তার এই স্বপ্ন বাস্তবায়নে চাই যুগোপযুগী পদক্ষেপ। চাই সবার সমন্বিত সহযোগিতা।
সঞ্চালনায় ছিলেন সিআইইউর প্রশাসন শাখার পরিচালক কুমার দোয়েল দে। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের ডিন অধ্যাপক সৈয়দ মনজুর কাদের, একই অনুষদের অধ্যাপক ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, ইংরেজি অনুষদের (স্ল্যাস) ডিন শাহ আহমেদ, স্কুল অব ল’ এর সহকারী ডিন নাজনীন আক্তার, সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, কৃতী শিক্ষার্থী ফারাহ উলফাত প্রমুখ।