বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২২:৪৯ পিএম
ফাইল ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মালি পদে নিয়োগ পেতে বিষের বোতল নিয়ে ভাইভা বোর্ডে উপস্থিত হন এক চাকরি প্রত্যাশী। শনিবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের বাসভবনে নিয়োগ বোর্ডের কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।
রেজিস্ট্রার জানান, চাকরির ভাইভা দিতে এসে এমন কাণ্ড ঘটান প্রার্থী হাসমত আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে অস্থায়ীভাবে ডে লেবার হিসেবে কর্মরত একজন কর্মচারী। তিনি তার নিয়োগ স্থায়ী করতে এমন আবেগী সিদ্ধান্ত নিয়েছেন।
এ ব্যাপারে জানতে হাসমত আলীকে একাধিকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রেজিস্ট্রার বলেন, ‘মালি পদে চাকরি নিশ্চিত করতে হাসমত আলী বিষের বোতল নিয়ে নিয়োগ বোর্ডে প্রবেশ করে। আমরা ব্যাপারটা বুঝতে পেরে কঠোর পদক্ষেপ গ্রহণ করি। পরে তার ভবিষ্যতে কোনো অঘটন ঘটলে কর্তৃপক্ষের দায় থাকবে না এমন মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘উপাচার্যের বাসভবন থেকে মুঠোফোনে যোগাযোগ করলে আমি সিকিউরিটি গার্ড নিয়ে সেখানে যাই। পরে জানতে পারি বিষের বোতল নিয়ে একজন ভাইভা বোর্ডে প্রবেশ করেছে। আমি বিষের বোতল একটি খামে নিয়ে রেখে তার থেকে লিখিত নিয়েছি।’