বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৯:৫৬ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রাকিব। প্রবা ফটো
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রাকিব। ক্যাম্পাসের নানামুখী কর্মকাণ্ডে সরব রাকিব এখন অনেকটাই নীরব। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। এ অবস্থায় কিডনি প্রতিস্থাপনে প্রায় ২০-২২ লাখ টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এত টাকার সংস্থান করা সম্ভব নয়। তাই অর্থাভাবে অনেকটা থমকে আছে তার চিকিৎসা।
রাকিবের গ্রামের বাড়ি বরগুনায়, বাবা একজন স্কুলশিক্ষক। এর আগে ২০১৭ সালে তার বড় ভাইয়েরও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে হয়েছিল। ব্যয়বহুল এ চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব পরিবারটি। তাই তার পরিবার ও সহপাঠীরা বিত্তবানসহ সবার কাছে সাহায্যের আবেদন করেছেন।
মহিউদ্দিন রাকিব বলেন, ‘২২ জুলাই সর্বশেষ চেকআপ করেছি। তার আগে পর্যন্ত যেটুকু আশা ছিল এখন তাও আর নেই। পরিবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করব। ক্রিয়েটিনিন যেহেতু অনেক বেড়ে গেছে তাই কিছুদিন ডায়ালাইসিস করতে হবে। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী টান্সপ্ল্যান্টের দিকেই আগাতে হবে। আমি সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই।’
রাকিবের সহপাঠী শওকত রায়হান (সবুজ) বলেন, ‘রাকিব ব্যক্তিগতভাবে বিনয়ী এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করে। সবার বিপদে-আপদে পাশে দাঁড়ায়। তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। প্রতিস্থাপনের জন্য ২০-২২ লাখ টাকা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে রাকিব সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তাই সবার কাছে অনুরোধ, সাধ্যমতো তাকে সহযোগিতা করার।’
সহায়তা পাঠানোর ঠিকানা : বিকাশ (ব্যক্তিগত) : ০১৮৬৭৭৭৭৯৮৯ (শওকত রায়হান সবুজ)। দেবাশিষ পাল, হিসাব নম্বর : ১২০১০৫০০৯৩৮০৪, ডাচবাংলা ব্যাংক লিমিটেড, খুলনা শাখা।