বগুড়া অফিস
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১৪:২৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৬:০৪ পিএম
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উচ্ছাস। আর্মড পুলিশ ব্যাটলিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। প্রবা ফটো
এসএসসিতে জিপিএ-৫-এ রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া প্রথম স্থান দখল করেছে। এ বছর জেলায় মোট ৩৫ হাজার ৬৯৭ পরীক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৮০৫ জন কৃতকার্য হয়েছে। জেলায় পাসের হার ৮৯ দশমিক ১০। এ ছাড়া কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতেও বোর্ডে শীর্ষে বগুড়া। ৪ হাজার ৪৪৫ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রাজশাহী এবং ৪ হাজার ২১৫ জন জিপিএ-৫ পেয়ে সিরাজগঞ্জ তৃতীয় স্থানে রয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকলেও পাসের হারে তারাই এগিয়ে রয়েছে। ১৮ হাজার ৫৪৮ ছেলের মধ্যে ৮৬ দশমিক ৮০ শতাংশ আর ১৭ হাজার ১৪৯ জন মেয়ের মধ্যে ৯১ দশমিক ৫৯ শতাংশ পাস করেছে।
জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও বগুড়ায় শীর্ষস্থান ধরে রেখেছে জিলা স্কুল। প্রতিষ্ঠানটি থেকে এবার ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৯ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার এই প্রতিষ্ঠানে ২৩৯ জনের মধ্যে ২২৩ জন জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সেখানে ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২ জন জিপিএ-৫ পেয়েছে।
চতুর্থ স্থানে রয়েছে বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৪ জন মধ্যে ২১৫জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
শতভাগ পাসসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে পর্যায়ক্রমে রয়েছে- বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৫০ পরীক্ষার্থীর মধ্যে ৩৯৬ জন, বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে ৩৮০ জনের মধ্যে ৩৩৯, বগুড়া এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন, ইয়াকুবিয়া বালিকা উচ্চা বিদ্যালয়ের ২৪৯ শিক্ষার্থীর মধ্যে ১৬৩ জন এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৩১৫ পরীক্ষার্থীর মধ্যে ২০১ জন জিপিএ-৫ পেয়েছে।