বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৭:৪০ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩ ১৯:০৪ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংগৃহীত ফটো
বৈদ্যুতিক কেবল পরিবর্তনের জন্য দুই দিন বিদ্যুৎহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করার কথা জানান তিনি।
হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, জবি ক্যাম্পাসের ওভারহেড লাইনের বৈদ্যুতিক কেবল পরিবর্তনসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজের জন্য ২১ ও ২৮ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনের অংশের কেবল পরিবর্তন করা হবে। তবে জরুরি ভিত্তিতে কিছু কিছু স্থানে বিদ্যুতের ব্যবস্থা করা হবে।
তিনি জানান, বিদ্যুৎ বন্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ল্যাব, ইন্টারনেট সার্ভার রুমসহ কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। ক্যাম্পাসে বিদ্যুৎ বন্ধ থাকলেও হলে চালু থাকবে।
বর্ষাকালে অল্প বৃষ্টিতে এই কেবলে আগুন ধরে যেতে দেখা যায়। এতে পুরো বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যেত। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক কাজ করে। সেজন্য বৈদ্যুতিক এই কেবল পরিবর্তন করা হবে।