প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২৩:০৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩ ২৩:৪৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের আয়োজনে ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্য উৎসব।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগ প্রতিষ্ঠার পর এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে শাস্ত্রীয় নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে।
নৃত্যকলা বিভাগের এই আয়োজনে সাড়া দিয়ে ভারতের কথক নৃত্যশিল্পী সন্দীপ মল্লিক, মনিপুরী নৃত্যশিল্পী বিম্বাবতী দেবী, ভরতনাট্যম নৃত্যশিল্পী উত্তীয় বড়ুয়া দীর্ঘ ৮ দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেছেন। কর্মশালায় নৃত্যকলা বিভাগের ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তাদের সম্মিলিত পরিবেশনায় বাদ্যযন্ত্রে সংগত করবেন ভারতের সুবীর ঠাকুর (তবলা), সুনন্দ মুখোপাধ্যায় (সরোদ) ও কণ্ঠে অরিন্দম উক্ত৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। অনুষ্ঠানে ‘প্রয়াস’ শিরোনামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন অতিথিরা৷