× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই বন্ধ করতে হবে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৯:৪৩ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ২০:৩৩ পিএম

‘প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই বন্ধ করতে হবে’

সারা পৃথিবীতে প্রকৃতির সঙ্গে মানুষের লাগাতার লড়াই চলছে। এই লড়াইয়ের একটি বিরতি দরকার। এই বিরতি বাংলাদেশ থেকে শুরু করা উচিত। এ ক্ষেত্রে আগামী দিনগুলোতে আমরা কীভাবে পরিবেশ সংরক্ষণে কাজ করব, সেদিকে আমাদের নজর দিতে হবে বলে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। 

শনিবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ১২তম সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গাছবন্ধু ওয়াহিদ সরকারকে সম্মাননা দেওয়া হয়। 

সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। কয়েক বছর আগে আমরা স্বাধীনতার অর্ধশতবর্ষ পার করে ফেলেছি। এই ৫০ বছরে কী করেছি বা কী পেয়েছি তার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী ৫০ বছর কীভাবে আমরা কাজ করব ও পরিবেশের সংরক্ষণ করব। সেদিকে আমাদের নজর দিতে হবে। 

বাপার ভারপ্রাপ্ত সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাপার সহসভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অধ্যাপক খন্দকার বজলুল হক, প্রকৌশলী তাকসীম এ খান। এ ছাড়া জুমের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।

অধ্যাপক এম এম আকাশ বলেন, প্রকৃতি-পরিবেশ নিয়ে কাজ করার সময় দুটো বিষয় ঘটে। যখন প্রকৃতিমুক্তির কাজ করা হয়, তখন মানবমুক্তিকে উপেক্ষা করা হয়। আর মানবমুক্তির কাজ করতে গিয়ে প্রকৃতির মুক্তিকে উপেক্ষা করা হয়। এই দুটোর সমন্বয় করতে হবে। এই বিষয়ে বাপার বড় ভূমিকা রাখার কথা।

আতিউর রহমান বলেন, সমাজকে সচেতন করার বড় দায়িত্ব বাপা নিয়েছে। বৃক্ষের প্রতি আমাদের নজর রাখতে হবে। সভ্যতাকে রক্ষার জন্য আমরা কাজ করছি। আমরা পরিবেশ ও জীবনকে একসূত্রে গাঁথার চেষ্টা করব। পরিবেশ বিপন্ন হওয়ার ফলে এখন আমরা বুঝতে পারছি প্রতিনিয়ত কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। 

অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার চেয়ে এখন মনে হচ্ছে আজকে আমাদের জন্য বাসযোগ্য পৃথিবী তৈরি করা দরকার। আমার কাছে এখন মনে হয় ভবিষ্যতের জন্য যেই পরিবেশ তৈরির কথা আমরা বলতাম তা শুধু যথেষ্ট নয়, আমাদের জন্যও বাসযোগ্য পৃথিবী তৈরি করতে হবে। 

সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ তালুকদার পরিবেশ রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা