× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা বাংলাদেশ শিক্ষক সমিতির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১২:২৬ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১২:৫৫ পিএম

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। প্রবা ফটো

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। প্রবা ফটো

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আগামীকাল শনিবার (১৫ জুলাই) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

আজ শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে আর্থিক সুযোগ-সুবিধায় বৈষম্যের অভিযোগ তুলে সংগঠনের সভাপতি মো বজলুর রহমান বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে পাহাড়সম বৈষম্য রয়েছে।’

অসন্তোষের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে প্রদান করা হয়। উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।’

বজলুর রহমান অভিযোগ করেন, ‘বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনা চিকৎসায় মৃত্যুবরণ করছেন। তা ছাড়া কয়েক বছর যাবৎ কোনো প্রকার সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কর্তন করা হচ্ছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এখনও কোনো প্রতিকার পাওয়া যায়নি।’

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল দাবি উল্লেখ করে শিক্ষক সমিতির এই নেতা আরও বলেন, ‘গত ৮ মার্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ সারা দেশের জেলা সদরে ও কেন্দ্রীয়ভাবে প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৪ মার্চে বেসরকারি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি পালনসহ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং জাতীকরণের যৌক্তিকতা তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে।

‘তা ছাড়া বিগত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে শিক্ষা বাজেটে বরাদ্দ কম রাখায় ১১ জুলাই থেকে প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো আশ্বাস কিংবা যোগাযোগ না করায় আগামীকাল শনিবার থেকে সারা দেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

শেখ কাওছার আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, দাশগুপ্ত আশিষ কুমার, সহ-সভাপতি আলী আসগর হাওলাদার ও বেগম নূরুন্নাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জামিল মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা জামান খান, দপ্তর সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন, সহ-মহিলাবিষয়ক সম্পাদক শাহানা বেগম, অধ্যক্ষ মো. ফজলুল হকসহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা