বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৫:৫২ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩ ১৬:৪০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০তম বার্ষিক সিনেট অধিবেশন শুরু। প্রবা ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪০তম বার্ষিক সিনেট অধিবেশন শুরু হয়েছে। শনিবার (২৪ জুন) বেলা সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ অধিবেশন শুরু হয়।
সিনেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মেয়াদোত্তীর্ণ প্রতিনিধিদের নিয়েই শুরু হয় এ অধিবেশন।
বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী সিনেটের মোট সদস্য সংখ্যা ৯৩ জন। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য (শিক্ষা), উপউপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা, স্পিকার মনোনীত পাঁচজন সংসদ সদস্য, আচার্য মনোনীত পাঁচজন শিক্ষাবিদ, সিন্ডিকেট মনোনীত পাঁচজন গবেষক প্রতিনিধি, একাডেমিক কাউন্সিল মনোনীত পাঁচজন কলেজ অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের (ঢাকা) চেয়ারম্যান, ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি, ৩৩ জন শিক্ষক প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচিত পাঁচজন ছাত্র প্রতিনিধি। তবে এবারে সিনেটে সদস্য রয়েছেন ৮২ জন। বাকি ১১টি আসন শূন্য রয়েছে। শূন্য আসনের মধ্যে রয়েছে উপউপাচার্য (শিক্ষা), একাডেমিক কাউন্সিল মনোনীত দুজন কলেজ অধ্যক্ষ, তিন শিক্ষক প্রতিনিধি এবং জাকসু মনোনীত ৫ জন ছাত্র প্রতিনিধি। এ ছাড়া ৮২ সদস্যের মধ্যে ৬০ জন সদস্যই মেয়াদোত্তীর্ণ।
অ্যাক্টের ১৯(২) ধারা অনুযায়ী, ছাত্র প্রতিনিধি ছাড়া অন্যান্য সিনেট সদস্যরা তিন বছরের জন্য দায়িত্বে থাকবেন। ছাত্র প্রতিনিধিদের মেয়াদ থাকবে এক বছর। তবে তারা পরবর্তী প্রতিনিধি নির্বাচিত, মনোনীত অথবা নিযুক্ত হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। এদিকে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধির মেয়াদ ২০২১ সালের জানুয়ারি ও ৩০ শিক্ষক প্রতিনিধিদের মেয়াদ ২০১৮ সালের অক্টোবরে শেষ হয়েছে। আচার্য মনোনীত ৫ জন শিক্ষাবিদেরও মেয়াদ নেই। অপর দিকে সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। ফলে এ দীর্ঘ সময় সিনেটে নেই ছাত্র প্রতিনিধি।