× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজন বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৯:১৮ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৯:৪৫ পিএম

ঢাকার ইউসেপ বাংলাদেশ কনফারেন্স কক্ষে ‘শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগতমান অর্জন’ শীর্ষক জাতীয় শিক্ষা সংলাপের আলোচনায় অতিথিরা। প্রবা ফটো

ঢাকার ইউসেপ বাংলাদেশ কনফারেন্স কক্ষে ‘শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগতমান অর্জন’ শীর্ষক জাতীয় শিক্ষা সংলাপের আলোচনায় অতিথিরা। প্রবা ফটো

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (গুণগত শিক্ষা) অনুসারে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সে অনুযায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও কার্যকরভাবে তা বাস্তবায়ন এবং সর্বোপরি সব অংশীজনের মধ্যে যথাযথ সমন্বয়। অধিকারভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের চলমান শিক্ষাব্যবস্থা ও দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ পরিবর্তন আনা প্রয়োজন। 

বুধবার (১৪ জুন) দিনব্যাপী ঢাকার ইউসেপ বাংলাদেশ কনফারেন্স কক্ষে ‘শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগতমান অর্জন’ শীর্ষক জাতীয় শিক্ষা সংলাপের আলোচনায় এসব উঠে এসেছে। 

অক্সফ্যাম আইবিআইএস এবং স্ট্রিট চাইল্ডইউকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘এডুকেশন আউট লাউড (ইওএল)’ প্রকল্প বাস্তবায়ন করছে নাগরিক সমাজের সংগঠন ওয়েভ ফাউন্ডেশন। এ প্রকল্পের অন্যতম কর্মসূচি হিসাবে ‘নাগরিক কর্তৃক পরিচালিত মূল্যায়ন (সিএলএ)’ নামক একটি জরিপ পরিচালনা করা হয়। 

জরিপের মাধ্যমে করোনা পরবর্তী শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। সিএলএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ এবং স্থানীয় পর্যায়ে আয়োজিত সংলাপ থেকে পাওয়া সুপারিশগুলো উপস্থাপনের লক্ষ্যে অনুষ্ঠিত হয় এ সংলাপ। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত এবং সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (সিএএমপিই) নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

এ ছাড়া নাগরিক সমাজ, যুব ও গণমাধ্যমের প্রতিনিধিসহ অন্যান্য অতিথিবৃন্দ সংলাপে উপস্থিত ছিলেন। ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী। প্রকল্প ও জরিপ ফলাফল উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক লিপি আমেনা ও প্রকল্প কর্মকর্তা তুলিকা সরকার। উপস্থাপনার ওপর আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. এস. এম. জুলফিকার আলী। এ ছাড়া শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (আইন শাখা) মো. আতাউর রহমান, স্ট্রিট চাইল্ড, ইউকের প্রোগ্রাম ম্যানেজার ইমতিয়াজ হৃদয় বক্তব্য রাখেন।

জাতীয় এই সংলাপের সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জানান ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী। উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কানিজ ফাতেমা। এ ছাড়া দুটি বিষয়ভিত্তিক সংলাপ অধিবেশনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস, গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক এ কে এম এনামুল হক, আইআইডির প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার (বিইউপি) নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ, রাজশাহী সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মোমিন, টাউন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালি সদরের প্রধান শিক্ষক (জাতীয় পর্যায়ে ২য় শ্রেষ্ঠ শিক্ষক) শাহনাজ পারভীন, খুলনার খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. রুমানাই ইয়াসমিন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তেব্যে শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘এখানে উপস্থাপিত সুপারিশগুলোর মধ্যে বাজেট বরাদ্দ বৃদ্ধির বিষয়টি ছাড়া অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে মানসম্মতভাবে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেজন্য প্রয়োজন শিক্ষকদের কমিটমেন্টের ওপর জোর দেওয়া। তাহলে আমাদের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে সক্ষম হব। শিক্ষার গুণগতমান নিশ্চিতে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের কাঙ্খিত বাংলাদেশ গড়তে পারব।’ 

প্রকল্প ও জরিপের ফলাফল উপস্থাপনায় ওয়েভ ফাউন্ডেশনের ইওএল প্রকল্পের পক্ষ থেকে যেসব সুপারিশ তুলে ধরা হয়েছে, সেগুলো হলো- 

শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। 

অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিত করা। 

শিক্ষকদের ক্লাস পরিচালনায় নিয়মিতকরণে মনিটরিং ব্যবস্থা জোরদার করা। 

শিক্ষার গুণগতমান অর্জনে শ্রেণির পড়া শ্রেণিতেই সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা। 

অবকাঠামোগত উন্নয়ন তথা পর্যাপ্ত ক্লাসরুম ও স্যানিটেশনের ব্যবস্থা করা। 

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। 

শিক্ষকদের বেতন কাঠামো ও অন্যান্য সুযোগসুবিধা বৃদ্ধি করা। 

শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংখ্যা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা। 

সময়োপযোগী পাঠ্যপুস্তকসহ অন্যান্য শিক্ষা উপকরণ তৈরি ও বিতরণ করা। 

স্কুল ফিডিং কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকাতে চালু করা। 

শিক্ষার গুণগতমান উন্নয়নে নীতিনির্ধারক, শিক্ষক ও অভিভাবকসহ সকল অংশীজনের মতামতের আলোকে কর্মপরিকল্পনা গ্রহণ করা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা