প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৫:৩৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩ ১৫:৫৩ পিএম
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানের সময়। প্রবা ফটো
কারিগরি শিক্ষাকে আরও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘শিল্প-কারখানা ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষানীতি, কারিকুলাম প্রণয়ন ও জব ম্যাচিং করে কারিগরি শিক্ষাকে আরও কর্মমুখী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।’
বুধবার (১৪ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের কর্ম বাজারের উপযোগী করতে কারিগরি শিক্ষাকে সুলভ ও আকর্ষণীয় করার চেষ্টা করছে সরকার। দেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। সাধারণ ধারার শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা দেওয়ার জন্য শিক্ষাক্রমে কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সরকার কারিগরি শিক্ষার প্রসারে কার্যকর পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে; যার ফলে এ খাতে নারী শিক্ষার্থীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের সাধারণ জনগণের নিকট কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষা নিয়ে সরকারি-বেসরকারি ও বিদেশী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন। এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে র্যালিটি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে শেষ হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পর্যায়ে আগামীকাল ১৫ জুন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ঢাকায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করনীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালন করতে সারা দেশে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অভিভাবক সম্মেলন, কারিগরি মেলা আয়োজন, শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সেমিনার আয়োজনসহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।