বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৬:৫৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ২১:৫১ পিএম
জাবির ক্যাম্পাসে ঢুকে পুলিশ সদস্য কর্তৃক ছাত্রী হেনস্তার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রবা ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাম্পাসে ঢুকে পুলিশ সদস্য এক ছাত্রীকে হেনস্তার অভিযৈাগের পর তার প্রতিবাদে ও অভিযুক্তের বিচার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১২ জুন) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রবিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে এক পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তা করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানান। দাবিগুলোর হলো- ঘটনা পরবর্তী আইনি পদক্ষেপ যথাযথভাবে হচ্ছে কিনা তার তদারকি করা, ঘটনার হালনাগাদ তথ্য নিয়মিত ভাবে শিক্ষার্থীদের জানানো, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসে মূল সড়কগুলোতে সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োজিত করা, অন্ধকারাচ্ছন্ন সড়কগুলোতে রাত্রিকালীন পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, পর্যাপ্ত যানবাহন নিশ্চিত করে ক্যাম্পাসে যাতায়াত ব্যবস্থা নিরাপদ করা।
মানববন্ধনে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবু বক্কর সাদ বলেন, ‘একজন মেয়েও যেন বলতে না পারে জাহাঙ্গীরনগরে মেয়েরা নিরাপদ নয়। যে এমন ঘটনা ঘটিয়েছে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে সে পুনরায় এমন ঘটনা না করতে পারে। আমরা নিরাপদ ক্যাম্পাস ও এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বেদত্রয়ী গোস্বামী পৃথা বলেন, ‘বিগত কিছুদিন ধরে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা বারবার ঘটে গেছে। আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগরের দায়িত্ব প্রত্যেকটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা। জনবহুল বা নির্জন উভয় পরিবেশেই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে।’
মানববন্ধন শেষে ছয়দফা দাবিতে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

উপাচার্য বলেন, ‘আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের ব্যাপারে সর্বদাই সোচ্চার। অভিযুক্ত পুলিশ কনস্টেবল ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার সহযোগী বিদ্যুৎ চৌধুরীকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান এবং সড়কগুলোতে ল্যাম্পপোস্ট মেরামতের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বাড়ানোর স্বার্থে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ দ্রুতই শুরু করা হবে। এ ব্যাপারে আইআইটির পরিচালকের সাথে আমার কথা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ২৪ ঘণ্টা হটলাইন সার্ভিস মঙ্গলবারের মধ্যে সব আবাসিক হলে লাগিয়ে দেয়ার নির্দেশ দিয়েছি।’