মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৯:৪৭ পিএম
ফল উৎসবে শিক্ষক-শিক্ষার্থীরা। প্রবা ফটো
কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জুন) সকাল ১০টায় কলেজের কৃষ্ণচূড়া চত্ত্বরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আ ন ম মুশতাকুর রহমান।
তিনি বলেন, ‘অনেক দেশীয় ফল আজ বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম এগুলো চিনে না। তাদেরকে এসব ফলের সাথে পরিচিত করা এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়াই আমাদের উদ্দেশ্য।’
উৎসবে বিভিন্ন স্টলে আম, জাম, কাঠাল, তালের শাঁস, ডালিম, পেঁপে, কামরাঙ্গা, জাম্বুরা, বেল, কলা, ডাব, তরমুজ, আমলকি, হরিতকি, লটকন, গাব, ডেউয়া, জামরুল, ডুমুর, খেজুর, লিচু, পেয়ারা, আনারস, আমড়া, চালতা, তেঁতুল ও লেবুসহ ৮০ প্রকারের দেশীয় ফল প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে এসব ফলের স্বাদ নেন। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।