প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৫:৫৩ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১৬:৩১ পিএম
মিরপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাস। প্রবা ফটো
জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হয়েছেন রাজধানীর মিরপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাস। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশসেরা প্রতিষ্ঠানপ্রধান হন তিনি। এর আগে ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হয়েছিলেন শুভাশীষ কুমার বিশ্বাস।
পরে বিজয়ীদের তালিকা প্রকাশ করে আয়োজক কমিটি।
ঝিনাইদহের শৈলকূপার উত্তর কচুয়া গ্রামের বিশ্বাস পরিবারে জন্মগ্রহণ করেন শুভাশীষ কুমার বিশ্বাস। ১৯৮৩ সালে বেণীপুর হাই স্কুল থেকে এসএসসি ও ১৯৮৫ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ১৯৮৫-৮৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে গণিত বিভাগে অনার্স ও ফলিত গণিতে মাস্টার ডিগ্রি লাভ করেন। বিএড ও এমএড ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি থাইল্যান্ডের ক্যাসেসার্ট ইউনিভার্সিটিতে ক্যাপাসিটি বিল্ডিংয়ের ওপর এবং নিউজিল্যান্ডের কলেজ অব ওয়েলিংটন থেকে পেশাগত ডিগ্রি অর্জন করেন।
শুভাশীষ ১৯৯৬ সালে মডেল একাডেমিতে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর ২০১৪ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে গুণগত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য সব সহশিক্ষাক্রম চালু করেন। বিদ্যালয়টিতে রয়েছে তিনটি ছয় তলা ভবন, মিলনায়তন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, তিনটি কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, পরিচ্ছন্ন ওয়াশরুম, বৃষ্টির পানি পরিশুদ্ধকরণের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা, অগ্নিনিরোধক ব্যবস্থা, লিফট, সাবস্টেশন, বাস্কেটবল, ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্টসহ প্রশস্ত খেলার মাঠ।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ‘হৃদয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। দেয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা আন্দোলনের ম্যুরাল। শিক্ষার্থীদের জন্য রয়েছে নৈতিক শিক্ষা ক্লাব, বিতর্ক ক্লাব, সাহিত্য সংসদ, পাঠক চক্র ক্লাব, সংগীত ক্লাব, আর্ট ক্লাব, গণিত ক্লাব, দাবা ক্লাব, ইংলিশ ক্লাব, বিজ্ঞান ক্লাবসহ নানামুখী পদক্ষেপ।
বিদ্যালয়ের ছাদে গড়ে তোলা ছাদবাগান চ্যানেল আইয়ে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে শাইখ সিরাজের প্রতিবেদনে প্রশংসিত হয়েছিল।
বিদ্যালয়টি পরপর পাঁচবার মিরপুর শিক্ষা থানার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাস শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধানের মর্যাদা লাভ করেছিলেন। ২০২৩ সালে মডেল একাডেমি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেষ্ঠা সরকার রবীন্দ্রসংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।