বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২২:০০ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩ ২২:৩৬ পিএম
প্রবা ফটো
প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জমা পড়েনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষ ও প্রক্টর অফিসে তালা দেওয়ার ঘটনায় গঠিত তিন তদন্ত কমিটির একটিও রিপোর্ট।
মঙ্গলবার (৬ জুন) প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ।
তিনি বলেন, আজ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তিন তদন্ত কমিটিই ১০ দিন সময় বাড়ানোর আবেদন করেছে।
এর আগে গত শুক্রবার চবি ছাত্রলীগের দুই উপগ্রুপের দুই দিনের সংঘর্ষের ঘটনায় দুইটি তদন্ত কমিটি ও প্রক্টর অফিসে তালা দেওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সব তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়।
কর্মদিবস হিসেবে রবিবার থেকে বুধবারের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তিন তদন্ত কমিটির একটি তদন্ত রিপোর্টও জমা পড়েনি।
এই বিষয়ে জানতে চাইলে প্রক্টর অফিসে তালা দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহম্মদ বলেন, 'আমরা সময় তো পাইনি। একদিন শিক্ষামন্ত্রী আসায় আমরা ব্যস্ত ছিলাম। এর পরের দিন আমরা বসেছি। তদন্ত কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা। তিনি বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় যাবেন। সবমিলিয়ে আমরা সময় বাড়ানোর আবেদন করেছি।'
এই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দানেশ মিয়া বলেন, আমরা রবিবার এই চিঠিটা হাতে পেয়েছি, তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া এটা অবাস্তব। তাই আমরা সময় বাড়ানোর আবেদন করেছি।
তবে এই রিপোর্টের সফট কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুক্রবারের মধ্যেই পেয়েছিলেন বলে তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্তরা গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।
তদন্ত রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে কয়দিন সময় বৃদ্ধি করা হয়েছে জানতে চাইলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, তারা আবেদন করেছে। আমরা এখনো সিদ্ধান্ত নেয়নি। দেখি কয়দিন বাড়ানো যায়।