বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৬:৫৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৩ ১৭:০৬ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ফাইল ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ২৯ শতাংশ শিক্ষার্থী।
মঙ্গলবার (২৩ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে ফল প্রকাশ করা হয়।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১২ হাজার ৩৫৫ জন। অকৃতকার্য হয়েছেন ২৯ হাজার ৮৩৫ শিক্ষার্থী। পরীক্ষা দিয়েছিলেন মোট ৪২ হাজার ১৯০ জন।
প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক।
তিনি জানান, দুপুরে ফল প্রকাশ করেছি। পরীক্ষায় পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ। পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর ১০২ দশমিক ২৫।
গত ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।