বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১১:০১ এএম
আপডেট : ২৩ মে ২০২৩ ১১:৩৬ এএম
জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল।
সোমবার (২২ মে) রাতে নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ মে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। করোনা অতিমারির প্রকোপের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল বৈশ্বিক অর্থনীতির এই ক্রান্তিকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যেভাবে একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্রমে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের বিভাগীয় পর্যায়ের একজন নেতার এমন বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থিই নয়, বরং এটি ফৌজদারি অপরাধের শামিল।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের পক্ষ থেকে বিএনপি নেতা আবু সাইদ চাঁদের এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।