বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩ ১৯:০১ পিএম
আপডেট : ২২ মে ২০২৩ ২০:১৮ পিএম
ছবি : সংগৃহীত
এবার চারজন গুণী ব্যক্তিতে নজরুল পদক-২০২৩ দিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কবি নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিন উপলক্ষে রবিবার (২১ মে) এই পদকের জন্য চারজনকে নির্বাচিত করে পদকের জন্য গঠিত নির্ধারিত কমিটি।
পদকের জন্য নির্বাচিত হয়েছেন, নজরুল সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমিন (মরণোত্তর) ও কবি পরিবারের খিলখিল কাজী, নজরুল স্মৃতি সংরক্ষণ ও প্রচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও নজরুল গবেষণায় আমেরিকান নজরুল গবেষক উইনস্টন ই. ল্যাংলি।
আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২৪ তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বিশেষ অতিথির বক্তব্য দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।