× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অন্যের সাহায্যে পরীক্ষা দিলে অনিশ্চয়তা কাজ করে’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৮:০৯ পিএম

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছেন তিন শিক্ষার্থী। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছেন তিন শিক্ষার্থী। প্রবা ফটো

বি ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৮৪৫ জন। তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী তিনজন। এই প্রতিবন্ধকতাকে জয় করে বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন দেখছেন তারা। শনিবার (২০ মে) দুপুর ১২টার দিকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থায় অংশ নিয়েছেন ওই শিক্ষার্থীরা।

ওই তিন শিক্ষার্থী হলেন, দৃষ্টি প্রতিবন্ধী ফৌজিয়া আক্তার প্রাপ্তি, দুর্ঘটনায় আহত মাইশা আক্তার দোলা ও শারীরিক প্রতিবন্ধী মাসুম শাহরিয়ার।

ফৌজিয়া আক্তার প্রাপ্তি বলেন, ‘সরকার যদি উন্নত দেশের মতো ব্রেইল অথবা কম্পিউটারের সাহায্যে পরীক্ষা নিত তাহলে অনেক ভালো হতো। অন্যের সাহায্যে পরীক্ষা দিলে অনিশ্চয়তা কাজ করে। আমার স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ালেখা করা।’

মাইশা আক্তার দোলা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় পায়ে ফ্র্যাকচার হয়েছে। আমার পরীক্ষা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনার ইচ্ছা রয়েছে আমার।’

মাসুম শাহরিয়ার বলেন, ‘প্রতিবন্ধকতা থাকলেও বন্ধুবান্ধব ও শিক্ষকদের সহযোগিতায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি। পরীক্ষা ভালো হয়েছে, আশাকরি ভালো একটি বিষয়ে ভর্তির সুযোগ পাব। পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই।’

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আমরা সবাইকে সমানভাবে সুযোগ দিতে চাই। যেহেতু তারা জাতীয় পরীক্ষার মাধ্যমে পাশ করে এসেছে, তারা যোগ্যপ্রার্থী। তারা প্রতিবন্ধী, তাদেরকেও তো আমাদের সুযোগ দিতে হবে। সেজন্য আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার আমরা করেছি।’

বি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘পরীক্ষার্থীদের আবেদনে আমরা সাড়া দিয়েছি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শ্রুতি লেখক দিয়েছি। তার পছন্দমতো আমরা কাউকে দেইনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এসএসসির ওপরে নয়, এমন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। তার পরীক্ষা আলাদা রুমে নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে বিশেষভাবে সক্ষম তিন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় তাদের আবেদনে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চার শিক্ষার্থী বিশেষ অনুমতি চেয়ে আবেদন জানায়। তবে পরীক্ষা দিন উপস্থিত ছিলেন তিনজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা