প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৩ ০০:০২ এএম
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি আরও জানান, আগামী ২৩ মে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা এবং ২৫ মে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এর পর স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার সময়সূচি কিছু দিনের মধ্যেই জানানো হবে।
সোমবার (১৫ মে) সকালে রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ -এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।
কেরানি নয়, দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে জানিয়ে দীপু মনি বলেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ঔপনিবেশিক শাসনব্যবস্থায় শিক্ষাব্যবস্থা হলো কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা। স্বাধীন দেশের নাগরিকের জন্য সেটি নয়। কেরানি তৈরির শিক্ষাব্যবস্থার মধ্যে প্রতিটি মানুষের সৃজনশীলতার পরিপূর্ণ বিকাশ অনেক সীমিত করে। কাজেই আমরা এখন বঙ্গবন্ধুর সেই দেখানো পথে শিক্ষাব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করেছি। বঙ্গবন্ধু ড. কুদরৎ-ই-খুদা শিক্ষা কমিশন করেছিলেন। বঙ্গবন্ধুর সেই সময় ড. কুদরৎ-ই-খুদা একটি শিক্ষা নীতি তৈরি করেছিলেন। সেই শিক্ষা নীতিটি বাস্তবায়ন করে যেতে পারেননি বঙ্গবন্ধু। ২০১০ সালে বঙ্গবন্ধু কন্যার হাতে আরেকটি শিক্ষা নীতি করেছি, সেটি ড. কুদরৎ-ই-খুদার সেই শিক্ষানীতির অনুসরণ করেই।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাকে এখন রূপান্তর ঘটিয়ে যে জায়গায় যাওয়ার চেষ্টা হচ্ছে, সেই রূপান্তর ঘটাবার জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করেছি। সারা বিশ্ব এখন শিক্ষায় রূপান্তর ঘটিয়ে নতুন শিক্ষাক্রম তৈরির চেষ্টা করছে, বাংলাদেশ সেখানে অগ্রগামী অবস্থানে রয়েছে। আমরা ২০২৩ সালে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু করে দিতে পেরেছি। এ বছর মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এবং প্রাথমিকে প্রথম শ্রেণিতে এর বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৫ সাল নাগাদ আমরা প্রাক-প্রাথমিক থেকে পুরো শিক্ষাক্রমটি বাস্তবায়ন করবো। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতার চর্চা করতে শিখবে। এর মধ্য দিয়ে আমরা দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করতে পারব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী উপস্থিত ছিলেন।