বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩ ২০:৩৫ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ২০:৫৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
স্কুল-কলেজের ইউনিফর্ম পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা ২৭ জন বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
সোমবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক অভিযানে তাদের আটক করা হয়।
প্রক্টর দপ্তরের দেওয়া তথ্যমতে, সোমবার বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি ও ইলিশ চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে ২৭ জন বহিরাগতকে আটক করা হয়। তারা সবাই নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। প্রক্টর দপ্তরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নগরীর মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
প্রক্টর আসাবুল হক জানান, বহিরাগতদের উৎপাত কমাতে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আইডি কার্ড সঙ্গে নিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা মেনে চলা হচ্ছে কি না, তা যাচাই করতে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্কুল-কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা যায়। তাদের কেউ কেউ মাদক সেবন করছিল এবং মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। আটকের পর তাদের পুলিশে দেওয়া হয়েছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘আটক শিক্ষার্থীদের তাদের অভিভাবকের কাছে দেওয়া হয়েছে। আগামীতে তারা যেন স্কুল-কলেজ ফাঁকি না দেয়, সে বিষয়ে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’