বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৩ ০০:২৪ এএম
আপডেট : ১৪ মে ২০২৩ ০০:২৮ এএম
ছবি : সংগৃহীত
পরিযায়ী পাখি সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা আয়োজনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ন্যাচার স্ট্যাডি অ্যান্ড কনজারভেশন ক্লাব। আয়োজনের মধ্যে ছিল পাখি দেখার প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোচনা সভা প্রভৃতি। শনিবার (১৩ মে) এসব আয়োজন করা হয়।
এসব আয়োজনের মধ্য দিয়ে তারা পরিযায়ী পাখির জীবনে পানির গুরুত্ব, পানি সম্পর্কিত আবাসস্থল সংরক্ষণের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। আয়োজনে বিভাগের ছয়টি দলের ১৮ সদস্যসহ বিভাগের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য ও বাংলাদেশ বন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভাগের সহযোগী অধ্যাপক ড. উম্মে হাবিবা খাতুন ও সহকারী অধ্যাপক মেহেদী হাসান পরিযায়ী পাখির গুরত্ব, তাদের আবাসস্থল সংরক্ষণ ও তরুণদের গবেষণায় উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাবর্ণি সরকার পরিযায়ী পাখি তথা সব পাখি রক্ষায় ক্লাবের সদস্যদের আরও সচেষ্ট থাকার জন্য আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবসৃষ্ট দূষণ, বিশ্বব্যাপী পানির চাহিদা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন পরিযায়ী পাখিদের জীবন বিপন্ন করে তুলেছে। এতে পরিযায়ী পাখির সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। মূলত সকল স্তরের মানুষের মাঝে সচতনতা ও পাখির নিরাপদ বিচরণের জন্য সচেতনতা বাড়াতে এই দিবসটি আয়োজিত হয়েছে।
২০০৬ সাল থেকে প্রতিবছর মে মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ন্যাচার স্ট্যাডি অ্যান্ড কনজারভেশন ক্লাব আগামী ২১ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পাখি চেনা প্রতিযোগিতা, সচেতনতামূলক পোস্টার তৈরি প্রতিযোগিতাসহ একটি সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাগার কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ, ক্লাবের উপদেষ্টাসহ আরও অনেকে। ক্লাবের সভাপতি সজীব বিশ্বাস ও সাধারণ সম্পাদক তাঞ্জিলুর রহমান খান সকলকে সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।