প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৩ ২০:৪১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৩ ২১:১৭ পিএম
মানববন্ধনে শিক্ষকরা। ছবি : সংগৃহীত
২০১৮ সালের আত্তীকরণ বিধিমালা সংশোধন, নিয়োগ, পদোন্নতি ও পদায়নের বিধি প্রণয়ন এবং সংযুক্তির আদেশ বাতিলসহ ৬ দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি।
শনিবার (১৩ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে ৩০২টি বেসরকারি কলেজকে সরকারিকরণের জন্য নির্বাচিত করেন। একই বছরের জুনে নির্বাচিত কলেজগুলোতে নিয়োগ ও অর্থ ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর শুরু হয় কাগজপত্র যাচাই-বাছাই। শিক্ষা মন্ত্রণালয় গঠিত ২০টি কমিটি চূড়ান্ত যাচাই-বাছাই শেষে প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা রেজুলেশন তৈরি করে। পরে পদ সৃষ্টির আনুষ্ঠানিকতা অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়, সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ে ব্যয় বাস্তবায়ন ও ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা হয়ে ফের শিক্ষা মন্ত্রণালয়।
তারা আরও জানান, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। এই দীর্ঘ প্রক্রিয়া শেষ করে এসে আবারও অধিকতর যাচাই-বাছাই করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। দীর্ঘদিন এসব কলেজে নিয়োগে নিষেধাজ্ঞা রয়েছে। এতে করে অনেক কলেজই শিক্ষকশূন্য হয়ে গেছে। ফলে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে কলেজশিক্ষক সমিতি সাতটি দাবি জানায়। দাবিগুলো হলো, আগামী ৩১ জুলায়ের মধ্যে আত্তীকরণের কাজ সম্পন্ন করা; অযাচিত যাচাই-বাছাই ও বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কালক্ষেপণ বন্ধ করা; প্রভাষক, প্রদর্শক, গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত বেতন গ্রেডসহ পদ মর্যাদা বহাল রাখা; বৈষম্যমূলক আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর কালো ধারা-উপধারা সংশোধন করে আগামী ৩০ জুনের মধ্যে প্রজ্ঞাপন জারি; সরকারি করা কলেজেশিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদায়নের কম্পোজিশন ও রিক্রুটমেন্ট রুলস আগামী ৩০ জুনের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি; সরকারি করা কলেজগুলোর জন্য জারিকৃত সংযুক্তির আদেশ বাতিল করে আত্তীকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদেরকে পদায়ন দেওয়ার সিদ্ধান্তের আদেশ বাতিল করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক জহুরুল ইসলাম, আবু সাঈদ মো. আতিকুর রহমান, মো. আব্দুল মাবুদ রাজা, মো. কামরুল ইসলাম তালুকদার সবুজ, মো. জাহাঙ্গীর আলম, মো. সাইদুর রহমান, সিকদার মো. ওয়াহিদুজ্জামান, মো. সামছুল আলমসহ প্রমুখ।