প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২২ ২৩:০৬ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২২ ২৩:০৭ পিএম
সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃবোর্ড। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী আগস্ট মাসে এসএসসি পরীক্ষা শুরু করার কথা জানানো হয়েছে।
রোববার (৩ জুলাই) দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ, আজ আমরা সবাইকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছি। এতে দেখা যায়, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে।
অধ্যাপক তপন আরো জানান, ঈদের পর বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসবো। এরপর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারবো।
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, যেহেতু এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সঙ্গে সম্পর্কিত, তাই এই পরীক্ষাও পিছিয়ে যাবে।
প্রসঙ্গত, গত ১৯ জুন থেকে দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়।