প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৮:৪৯ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ১৯:০১ পিএম
নানা আয়োজনে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলা হয়েছে। বৈশাখের আগমনকে উৎসবমুখর করতে এবং সবার মাঝে বাঙালির গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরতে এই মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব। সোমবার (৮ মে) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মেলা উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।
যান্ত্রিকতায় বাঙালির পুরনো সংস্কৃতি বৈশাখী মেলা বিলুপ্তির পথে দাবি করে সংগঠনের নেতারা বলেন, বাঙালির এই সংস্কৃতি নতুন রূপে চালু করার লক্ষ্যেই তাদের এই আয়োজন।
সরেজমিনে দেখা যায়, মেলাকে কেন্দ্র করে বাঙালি সাজে সেজে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছিল নাগরদোলা, প্রেইন্টিং রিকশা। মেলার অর্ধশতাধিক স্টলে ছিল বাহারি খাবার, মাটির তৈরি জিনিসপত্র, শখের হাঁড়ি, আকর্ষণীয় অলংকার। স্টলগুলোতে ছিল বাঙালি শিল্প-সংস্কৃতির প্রতিচ্ছবি।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের কোলাহলে সরগরম হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। এ ছাড়া মেলায় বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে স্বচক্ষে দেখার জন্য ভারতের কয়েকজন অতিথি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী এসেছেন।

সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. ইসমাইল হোসাইন এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. গৌড় গোবিন্দ গোস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থীসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈশাখী মেলার আয়োজন নিয়ে ক্লাবটির ফ্যাকাল্টি অ্যাডভাইসর মেসবাহ উল হাসান চৌধুরী বলেন, ‘বাঙালি ঐতিহ্যের একটি বড় অংশজুড়ে রয়েছে বৈশাখী মেলা। কিন্তু সময়ের সঙ্গ আধুনিকতায় আমাদের এই ঐতিহ্য হারাতে বসেছে। তরুণ প্রজন্মকে বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে পুনরায় পরিচয় করিয়ে দিতেই এই বৈশাখী মেলার আয়োজন। এই মেলার মাধ্যমে সবাই নতুন করে বাঙালি শিল্প ও সংস্কৃতি সম্পর্কে জানতে উদ্বুদ্ধ হবেন।