রাজশাহী শিক্ষা বোর্ড
রাজশাহী অফিস
প্রকাশ : ০৭ মে ২০২৩ ২০:১৪ পিএম
আপডেট : ০৭ মে ২০২৩ ২১:০৩ পিএম
সংগৃহীত ফটো
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম ও ২য় পত্রের উভয় প্রশ্নপত্রে একই প্যারাগ্রাফ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ মে) ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষার পর বিষয়টি সামনে এলে বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
শিক্ষাবিদরা বিষয়টিকে দায়িত্বহীনতার একটি গুরুতর উদাহরণ বলে বর্ণনা করেছেন। বিষয়টি তদন্ত করে দায়ীদের শাস্তি আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করছেন এবং কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে কটাক্ষ করছেন।
রবিবার অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্রে ১৫ নম্বরের ওপর ‘আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ (Our National Flag)’ বিষয়ক একটি প্যারাগ্রাফ আসে। এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় একই প্যারাগ্রাফ আসে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ বি এম মহসিন বলেন, ‘কর্তৃপক্ষের গাফিলতির কারণে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা সর্বদা নজরে রাখতে হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলম বলেন, ‘এটি একটি গুরুতর ভুল। এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘এটা কীভাবে হলো আমি জানি না। তবে বিভিন্ন বোর্ডের শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করে পাঠান। পরে তা আন্তঃবোর্ড সভায় লটারির মাধ্যমে নির্বাচিত হয়। পরীক্ষা শেষে না হওয়া পর্যন্ত জানা যাবে না প্রশ্ন তৈরির দায়িত্বে কোন বোর্ড জড়িত ছিল বা আসলেই এটি ইচ্ছাকৃত ভুল কি-না।’