বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ২১:০৪ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ২১:৪৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘বি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘বি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাইস্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিল এই উপকেন্দ্রে। এর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৫ দশমিক ৪৬ শতাংশ।
এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ হোসেন হল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘টানা তৃতীয়বার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে পরীক্ষা শুরুর আগেই গেট খুলে দেওয়া হয়। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত। কারণ শিক্ষার্থীদের ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে দুর্ভোগ-ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তারা অতিরিক্ত আর্থিক ব্যয় থেকে পরিত্রাণ পাচ্ছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা এটিকে ইতিবাচকভাবে নিয়েছেন।’
এ সময় তার সঙ্গে ছিলেন উপউপাচার্য ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার ড. অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. খান গোলাম কুদ্দুস। পরে তিনি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের কন্ট্রোল রুমে যান এবং পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।