বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৫:৩৫ পিএম
আপডেট : ০৩ মে ২০২৩ ১৫:৫৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার বিশ্ব শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার এবং পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে ‘বিশ্ব শান্তি ও সম্প্রীতি র্যালি’ হয়েছে।
বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এই শোভাযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বলেন, গৌতম বুদ্ধের আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ও সমাজে মানবিক সম্পর্ক উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের পরিচালক অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নীরু বড়ুয়া, প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।