রাজশাহী অফিস
প্রকাশ : ০২ মে ২০২৩ ১৬:৩২ পিএম
আপডেট : ০২ মে ২০২৩ ১৬:৪৭ পিএম
রুয়েট উপাচার্যের কক্ষে ঘণ্টাব্যাপী অবস্থান করেন শিক্ষকরা। প্রবা ফটো
পদোন্নতির দাবিতে উপাচার্যের অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, 'দীর্ঘদিন হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ উপাচার্য নেই। যে কারণে আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের প্রায় ১০০ শিক্ষক গত একবছর পদন্নোতির জন্য যোগ্য হয়ে আছে। কিন্তু নিয়মিত উপাচার্য না থাকায় পদন্নোতি হচ্ছে না। এ কারণে আমাদের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়ছে। তাই অনতিবিলম্বে পূর্ণাঙ্গ উপাচার্য দিয়ে এই সমস্যার সমাধান চাই আমরা।'
অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সারাফাত হোসেন অভি বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ে গত বছরের ৩০ জুলাই থেকে কোনো নিয়মিত উপাচার্য নেই। এমন অবস্থায় আমাদের বিভিন্ন বিভাগের প্রায় ১০০ শিক্ষক প্রমোশন পাচ্ছেন না। এরমধ্যে অনেক সিনিয়র শিক্ষকেরাও আছেন।'
তিনি বলেন, 'আমাদের রুয়েটের নিয়ম হচ্ছে, কখনও ডিউ ডেট থেকে প্রমোশন হয় না। যদিও এটা কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে হয়। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করার পর ভাইভা ও সিন্ডিকেটের মাধ্যমে প্রমোশন হয়। বিষয়টি নিয়ে আমরা গত ছয়মাস রুয়েট শিক্ষক সমিতি ও রুয়েট উপাচার্যের কাছে জানিয়েও কোনো সমাধান পাইনি। এ ছাড়া বিভিন্ন বিভাগের প্রধানদের কাছে স্মারকলিপি দিয়েছি। রুয়েট শিক্ষক সমিতি স্থায়ী উপাচার্যের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে লিখিতও দিয়েছেন। কিন্তু কোনো সমাধান হয়নি। এ জন্য আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি।'
সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সাদাত মো. সায়েম, এমই বিভাগের প্রভাষক বখতিয়ার খলজি, এমটিই বিভাগের প্রভাষক ফাইসাল রহমান বাদল এবং মানবিক বিভাগের প্রভাষক আহসান হাবীবসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সমস্যার মধ্যে আছেন উল্লেখ করে বলেন, 'পরে কথা বলব'।
রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এর একদিন পর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রুয়েটের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) করা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টিতে তিনিই রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন।