× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি চারুকলার প্রতি আসনের জন্য লড়েছেন ৫৪ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৩:৩৪ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৪:৩৩ পিএম

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। প্রবা ফটো

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটে ১৩০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়েছেন ৫৪ জন। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১১টায় কলাভবন কেন্দ্রে পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীরা প্রশ্নপত্রের মান ও পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। বিগত সময় ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে পরীক্ষা নিয়েছে, অত্যন্ত পরিচ্ছন্নভাবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আশা করি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনের দিনগুলোতেও ঘটবে না।

চারুকলা অনুষদে আট বিভাগে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু আবেদনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ বিষয়ে উপাচার্য বলেন, ‘চারুকলা একটি বিশেষায়িত সৃজনধর্মী শিক্ষা। যেখানে নিজস্ব কিছু সূচক আছে। যে মানদণ্ডে শিক্ষার্থী ভর্তি করা হয়, আসন সংখ্যাও সেই নিরিখে নির্ধারণ করতে হয়। এ বছর ৭ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেছে। কিন্তু আটটি বিভাগে আসনসংখ্যা মাত্র ১৩০। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আমরা শিক্ষার্থীর সংখ্যা সীমিত রাখছি। তারা যদি মানসম্পন্ন গ্র্যাজুয়েট হয়ে বের হতে পারে, তার একটা ইতিবাচক প্রভাব সমাজের অন্যান্য ক্ষেত্রে গভীরভাবে অনুভূত হবে।’

তিনি বলেন, ‘কিছু কিছু বিষয় আছে যেগুলো এতই ব্যবহারিক ও প্রায়োগিক, সেখানে বক্তৃতানির্ভর শিক্ষা কার্যক্রম অনুসরণ করা কঠিন। সে কারণে বিজ্ঞানের মতোই আসনসংখ্যা তাদের সাধ্যের মধ্যে রাখতে হয়। চারুকলায় শিক্ষার্থীর আবেদনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা আশাব্যঞ্জক বিষয়। এ ধরনের সৃজনশীল শাখায় শিক্ষার্থীরা আসবে এটা প্রত্যাশিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে সব ইউনিটে ২ লাখ ৯৮ হাজার ৫০০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের জন্য এবার ৫০ জন শিক্ষার্থীর সঙ্গে লড়তে হবে।

দুই সপ্তাহব্যাপী চারটি ইউনিটের ভর্তি পরীক্ষায় চারুকলার পর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুধু চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন বা ব্যবহারিক পরীক্ষা হবে। বাকি তিন ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।

চারুকলার এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত/ব্যবহারিক পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। অন্যান্য ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ আর লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা