প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৭ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৪০ পিএম
এসএসসি পরীক্ষা শুরু হলো আজ
করোনা ও বন্যায় দীর্ঘদিন আটকে থাকার পর চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এবারের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।
যানজট এড়াতে এ বছর এক ঘণ্টা পিছিয়ে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে জানান, সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত করা হয়েছে। এতে সবার সুবিধা হবে।
আজ প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১ অক্টোবর। আর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে এবারের পরীক্ষা হচ্ছে। এ জন্য পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে। এবার ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
পরীক্ষা সূচি অনুযায়ী সব বিষয়ের পরীক্ষা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বিষয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় থাকবে।
আগের মতোই শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরও ঢুকতে দিলে হলে তার নাম, রোল নম্বর, দেরির কারণ ইত্যাদি একটি নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। আর কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে। জরুরি যোগাযোগের কারণে শুধু ছবি তোলা যায় না—এমন একটি সাধারণ মুঠোফোন ব্যবহার করতে পারবেন কেন্দ্র সচিব।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত কয়েক দিন ধরে বৃষ্টি ও রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরিলক্ষিত হয়েছে। তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
অন্যদিকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা চলার সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য প্রতিবছরই কিছুদিনের জন্য কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়। এবার ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
প্রতিবছর এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। মহামারির কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগ মুহূর্তে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দেওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রবা/এনএস/এমজে