জবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৯ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৪ পিএম
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের আয়োজনে পরাণ সিনেমা দেখেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সময়ের জনপ্রিয় সিনেমা পরাণ দেখানো হয়েছে। এই সিনেমা দেখার জন্য শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে অডিটোরিয়ামে বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই সিনেমা দেখানো হয়।
সিনেমা দেখে তৈমুর মবিন বলেন, অনেক ভালো লেগেছে। আসলে ক্যাম্পাসে এভাবে বন্ধুদের সাথে সিনেমা দেখার অনুভূতি অন্যরকম। বলা যায় বাংলা সিনেমার সুদিন ফিরছে।
অনেকে বসার জন্য সিট না পেয়ে কার্পেট বিছানো মেঝেতে বসে সিনেমা উপভোগ করেছেন। সিনেমা দেখার পর দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তাদের কোনো অভিযোগ ছিল না।
বর্ণালী সাহা নামে এক শিক্ষার্থী বলেন, অনন্যা চরিত্রটি বারবার মুড পরিবর্তন করেছে। যার ফলে ছেলে দুইটার জন্য খারাপ লাগছে আর মেয়েটির ওপর রাগ হচ্ছে। তবে এটি তো সিনেমাই মাত্র। সমাজে একটি মেসেজ যাবে আশা করছি।
'আমাদের সিনেমা'র আয়োজক জবি চলচ্চিত্র সংসদের সভাপতি আরাফাত আমান বলেন, প্রতিবছরের মতো খুব অল্প সময়ে আমরা এ আয়োজন করি। তবে এত শিক্ষার্থীর সাড়া মিলবে ভাবতে পারিনি। আজ পরাণ সিনেমা দেখতে যে ভিড় হয়েছে, তাতে বলা যায় চলচ্চিত্রের সুদিন আসছে।
এ ছাড়া অলকচক্র সিনেমা দেখানো হয়। অন্যদিকে বিউটি সার্কাসেরও ট্রেলার দেখানো হয়। এ সময় বিউটি সার্কাসের পরিচালকসহ কলাকুশলী ও পরাণের টিম উপস্থিত ছিল।
এর আগে প্রথম দিন (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘শিমু’ ও দুপুর ১টায় ‘রাত জাগা ফুল’ দেখানো হয়েছে। এছাড়াও ৭ সেপ্টেম্বর ১০টায় ‘গণ্ডি’ ও দুপুর ১টায় ‘নোনা জলের কাব্য’ দেখানো হয়েছে।
/জেআই