বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৯:০৫ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৯:১৬ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ একাধিক অডিও ক্লিপ ফাঁস হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় ইমেজ সংকটে পড়েছে। যা ক্যাম্পাসে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। এর প্রতিবাদে মঙ্গলবার (৪ এপ্রিল) ইবির শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।
অডিও ক্লিপগুলো পর্যালোচনা করা হয়েছে উল্লেখ করে শিক্ষক নেতারা জানান, এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রসহ সংশ্লিষ্টদের জন্য একই সঙ্গে বিব্রতকর ও অপমানজনক। এক কথায় এগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য এক প্রকার ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে আমরা মনে করি।
সংবাদ সম্মেলনে তারা জানান, অডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায়, ভিসি অধ্যাপক শেখ আবদুস সালাম ইবির শিক্ষক-ছাত্রদের নিয়ে আপত্তিকর কথা বলেছেন। এমনকি শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনি প্রশ্নপত্র ফাঁস ও আর্থিক লেনদেন করেছেন মর্মে অনুমিত হয়। বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির জন্য উপকমিটি গঠন করা হয়েছে।
শিক্ষক নেতারা জানান, আদর্শভিত্তিক শিক্ষক সংগঠন হিসেবে শাপলা ফোরাম বিশ্ববিদ্যালয়ের ইমেজ ক্ষুণ্ণ হলে বা নিয়োগে দুর্নীতি হলে সব সময় প্রতিবাদে সোচ্চার থেকেছে। এরই ধারাবাহিকতায় ভিসির ওই নেতিবাচক মন্তব্যের বিষয়ে ১৮ ফেব্রুয়ারি শাপলা ফোরাম ক্ষোভ প্রকাশ করে এবং এ ব্যাপারে তার অবস্থান জানতে চেয়ে বিবৃতি দেয়।
২৮ ফেব্রুয়ারি ফোরামের সভায় ভিসির কণ্ঠসদৃশ অডিওর উৎস উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন এবং তার অবস্থানের ব্যাখ্যা দাবি করে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরও ভিসি তার অবস্থান ব্যাখ্যা করেননি। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে মন্তব্যের জন্য ভিসি অধ্যাপক শেখ আবদুস সালামের ফোনে কয়েকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর মামুনুর রহমান, সহসভাপতি শেলীনা নাসরীন, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সদস্য তপন কুমার জোদ্দার, মিয়া মো. রাসিদুজ্জামান, রবিউল হোসেন, হোসাইন মো. ফারুকী, সাদেক আলী ও শাহেদ আহমেদ প্রমুখ।
সম্প্রতি ফারাহ জেবিন, মিসেস সালাম, আল বিদা নামে তিনটি ফেসবুক আইডি থেকে একাধিক অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এগুলোতে চাকরির প্রশ্ন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসির কণ্ঠসদৃশ কথোপকথন শোনা যায়।