ঢাবি শিক্ষক সমিতির বিবৃতি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ২১:৫৩ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৩ ২২:১৪ পিএম
স্বাধীনতা দিবসে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা’ অভিহিত করে শুক্রবার বিবৃতি দিয়েছে ঢাবি শিক্ষক সমিতি।
স্বাধীনতা দিবসে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা’ অভিহিত করে সংবাদপত্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতি মনে করে, এর মধ্য দিয়ে চুয়াত্তরে বাসন্তীকাণ্ডের (এক নারীকে জাল পরিয়ে ছবি প্রকাশ) ষড়যন্ত্র হচ্ছে।
শুক্রবার (৩১ মার্চ) সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রথম আলোর নাম উল্লেখ না করে বলা হয়, ‘একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনটিতে মূলত একজন শিশুর ছবির নিচে ক্যাপশনের পরিবর্তে একজন দিনমজুরের বক্তব্য প্রকাশ করা হয়েছে। যে বক্তব্যে দেশের স্বাধীনতাকে ব্যঙ্গ করা হয়েছে। এ ছাড়া ক্যাপশনে একজন দিনমজুরের বক্তব্য হিসেবে ওই মন্তব্য প্রকাশ করা হলেও ছবিতে কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে দেখা যাচ্ছে না। অন্য একটি গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন সূত্রে জানা গেছে, ওই শিশুকে তার দারিদ্র্যের সুযোগ নিয়ে উৎকোচের বিনিময়ে প্রলুব্ধ করে ছবিটি তোলা হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘সংবাদ প্রকাশের ক্ষেত্রে একাধিক পক্ষ থাকলে সংশ্লিষ্ট পক্ষসমূহের বক্তব্য না নেওয়া, অভিভাবকের অনুমতি ছাড়া এবং অভিভাবকের অনুপস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ছবি তোলা কিংবা তার বক্তব্য ধারণ করা সংবাদপত্রের নীতিমালাপরিপন্থি। একজনের ছবির সঙ্গে আরেকজনের উদ্ধৃতি প্রকাশ, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ছবি ও বক্তব্য প্রকাশ পাঠকের সঙ্গে প্রতারণার শামিল। অথচ আলোচিত সংবাদটি প্রকাশের ক্ষেত্রে এসব রীতি-নীতি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে বলে প্রতীয়মান হয়।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ ঘটনা মুক্তিযুদ্ধ-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনকালে বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিপন্ন করার উদ্দেশ্যে বাসন্তী নামের একজনকে জাল পরিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। উক্ত বাসন্তীকাণ্ড যে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সাজানো হয়েছিল, তা পরে প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, উক্ত সংবাদপত্র ইতঃপূর্বে ২০০৭ সালে সামরিক স্বৈরাচারের পক্ষ নিয়ে দেশকে রাজনীতিশূন্য করার অপচেষ্টায় লিপ্ত ছিল।’