× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় ও রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, তদন্ত প্রতিবেদন নিয়ে গড়িমসি

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ২০:৩৮ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে বিনোদপুরের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল সাত কার্যদিবস। হিসাব অনুযায়ী বুধবার (২২ মার্চ) প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দেওয়ার সময় আনুষ্ঠানিকভাবে বাড়ানো না হলেও দুই-এক দিন সময় লাগবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

১১ মার্চ বাসের সিটে বসাকে কেন্দ্র করে বাসের কন্ডাক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বাগবিতণ্ডা থেকে স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশের রাবার বুলেট ও ইটের আঘাতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষ চলাকালীনে বিনোদপুর পুলিশবক্সসহ আশপাশের বেশ কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়।

সংঘর্ষের ঘটনায় ১৩ মার্চ রাবি উপউপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর আরিফুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ সরকার ও সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়ার্দ্দার।

খোঁজ নিয়ে জানা গেছে, তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সাক্ষাৎকার নিলেও ঘটনার সূত্রপাত যে বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে, সেই সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি বিজয় কৃষ্ণ বণিকের কোনো সাক্ষাৎকার এখনও নেয়নি। সাক্ষাৎকার নেওয়া হয়নি বিনোদপুর বাজার কমিটির সভাপতিরও।

তদন্ত কমিটির সঙ্গে কোনো কথা হয়েছে কি-না জানতে চাইলে বিনোদপুর বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমাদের সঙ্গে বসার কথা ছিল, কিন্তু তারা বসেননি।’

প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে তদন্ত কমিটির সদস্য সহকারী প্রক্টর আরিফুর রহমান বলেন, ‘আমরা আমাদের বিভাগের কার্যক্রম করার পাশাপাশি প্রতিদিন দুবার করে বসে তদন্তের কাজ করছি। তা ছাড়া, ঘটনাটির অনেকগুলো পক্ষ রয়েছে। ফলে, আমরা এখনও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে শেষ করতে পারিনি। এজন্য প্রতিবেদন এখনও জমা দিতে পারিনি।’

তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সময়সীমা বাড়ানোর জন্য আমরা আবেদন করিনি। আমাদের আহ্বায়ক মহোদয় বিষয়টি জানেন। আমি যতোটুকু জানি যে, উনি কর্তৃপক্ষকে এ বিষয়ে মৌখিকভাবে জানিয়েছেন যে, আরও দুই-এক দিন সময় লাগতে পারে। আসলে সাত দিন সময় আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে গিয়েছিল।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘তদন্ত কমিটি এখনও প্রতিবেদন জমা দিতে পারেনি। তারাও সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করছি, তারা শিগগিরই প্রতিবেদন জমা দিতে পারবে। মূলত ঘটনাটির পরিসর বড় হওয়ায় তদন্ত প্রতিবেদন দিতে দেরি হচ্ছে।’

এদিকে এ ধরনের তদন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আই ওয়াশ’ বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রেই তদন্ত কমিটি একটা 'আই ওয়াশ'। উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য কিছু কথা-বার্তা বলতে হয়। তদন্ত কমিটিও সেরকমই একটা ব্যাপার আর কি! কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটার পরে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর সংশ্লিষ্টরা হয়তো বা প্রত্যাশা করেন যে, এক সপ্তাহ বা এক মাস যেতে যেতে মানুষ ঘটনাটির কথা ভুলে যাবে। অনেক ক্ষেত্রে মানুষজন ভুলেও যায়। এ ছাড়া আমার মনে হয়, সংশ্লিষ্টরাও হয়তো বা ভুলে যান যে, তারা একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন। সম্প্রতি সংঘটিত এতো বড় একটা ঘটনার তদন্ত প্রতিবেদন জানার অধিকার আমাদের সকলেরই আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা