বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৮:৫৬ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৭:৪৭ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান। প্রবা ফটো
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানের অর্থ লেনদেন সম্পর্কিত কয়েকটি অডিও ফাঁসের ঘটনায় বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক শেখ ড. আবদুস সালাম।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়। রবিবার (১৯ মার্চ) উপরেজিস্ট্রার মো. মনিরুজ্জামান মোল্লা (পিএস টু ভাইস চ্যান্সেলর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এবং উপরেজিস্ট্রার (শিক্ষা) মো. আলীবদ্দীন খান।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানের আর্থিক লেনদেনের কথোপকথনের চারটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় উপাচার্য বরাবর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন করে ইবি কর্মকর্তা সমিতি। গত বুধবার সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট এ আবেদন করেন।