প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ২০:০২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ২০:০৭ পিএম
এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : পিআইডি
এসএসসি পরীক্ষার জন্য আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ওই সময় সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’ এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
করোনার কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগ মুহূর্তে সিলেটে বন্যা দেখা দেওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে।
করোনার কারণে এবারও এসএসসি ও সমমানের পরীক্ষা হবে পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি অনুযায়ী। পরীক্ষা হবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ২ ঘণ্টা। পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।
দীপু মনি বলেন, প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষার হলে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখবে। পরীক্ষা-সংশ্লিষ্টরা ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
তিনি আরও জানান, পরীক্ষা শুরুর ২৫ মিনিটি আগে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে কেন্দ্রে ছবি তোলা যায় না--এমন মোবাইল ফোন নিয়ে সচিব কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী।
প্রবা/আরএম/এমআই