বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৮:১৬ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৯:৪৭ পিএম
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় আয়োজিত এই চাকরি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। প্রবা ফটো
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চলছে দুই দিনব্যাপী চাকরি মেলা। বুধবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উপাচার্য বলেন, ‘দেশপ্রেমিক ও দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। সেভাবেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও বৃহৎ পরিসরে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস থেকেই চাকরি নিয়ে বের হতে পারবে। এ ছাড়া অধ্যয়নরত শিক্ষার্থীরা চাকরির বিভিন্ন তথ্যপ্রাপ্তি ছাড়াও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। যা পরবর্তীতে তাদের চাকরিপ্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘এ বছর ১০মে আরও একটি চাকরি মেলা আয়োজন করা হবে। যেটি হবে আইটি কেন্দ্রিক। এই মেলার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপকৃত হবে।’
ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এবং রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটিকে যৌথভাবে এই চাকরি মেলা আয়োজনের জন্য এবং অংশগ্রহণকারী বিভিন্ন নিয়োগ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগের প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব)সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ।