× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছ পদ্ধতি নিয়ে জবির চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ মার্চ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ০০:০১ এএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১০:৪২ এএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গুচ্ছ পদ্ধতিতে থাকা না থাকা নিয়ে চলমান জটিলতা শেষ হতে চলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (১৫ মার্চ) বিশেষ একাডেমিক কাউন্সিল আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিশেষ একাডেমিক কাউন্সিলের বিষয়টি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।

রেজিস্ট্রার বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলোচনার জন্য বুধবার (১৫ মার্চ) ৬৪তম একাডেমিক কাউন্সিল (বিশেষ) আহ্বান করা হয়েছে। বেলা আড়াইটায় উপাচার্যের সভাকক্ষে এ কাউন্সিল হবে।

এর আগে গুচ্ছ পদ্ধতিতে থাকা না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুই দফায় বিশেষ একাডেমিক কাউন্সিলের তারিখ ঘোষণা করেও তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দফায় দফায় স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

প্রথম দফায় ২২ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিল হওয়ার কথা থাকলেও পরে তা ২৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। শিক্ষামন্ত্রীর সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভার জন্য সেটাও স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সভায় মার্চের শেষের দিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগ্রহ জানান উপাচার্যরা। তখন শিক্ষামন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতি থেকে বের না হওয়ার আহ্বান জানালেও তাতে আপত্তি জানায় জবি শিক্ষক সমিতি।

গত ২ মার্চ শিক্ষক সমিতির আহ্বানে শিক্ষকদের এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ভর্তি পদ্ধতি নির্ধারণে বিশেষ একাডেমিক কাউন্সিলের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা