× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএস পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আসছে

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৬ এএম

আপডেট : ২০ জুন ২০২৪ ১২:২১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বিসিএসের পরীক্ষাপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতি বছর একটি করে বিসিএস পরীক্ষা নেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।

নভেম্বরে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তাতে থাকবে প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা ও ফলাফলের সম্ভাব্য মাস। বর্তমানে চলমান সব পরীক্ষাও আগামী ছয় মাসের মধ্যে শেষ করার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। উত্তরপত্র মূল্যায়নে দীর্ঘসূত্রতা কমাতে পরীক্ষকদের জন্যও আসছে নতুন নির্দেশনা। চেষ্টা করা হচ্ছে ভুলভ্রান্তি কমানোর। মৌখিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছে নতুন রূপরেখা। সিলেবাসেও আসছে পরিবর্তন। পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

৪০তম বিসিএসের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পেয়েছেন। কারণ, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় বিজ্ঞানের নানা বিষয় থেকে প্রশ্ন হয়। এতে বিজ্ঞান বিভাগ থেকে আসা চাকরিপ্রার্থীরা যতটা ভালো করেছেন, সে তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসা প্রার্থীরা ততটা ভালো করতে পারেননি।

৪০তম বিসিএসের পর দেখা গেছে, চিকিৎসক ও প্রকৌশলীরাই ভালো ক্যাডার পাওয়ার দিক থেকে এগিয়ে। তারা ১৫টি ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকেই প্রশাসন ক্যাডারে ৫০ জন চাকরি পেয়েছেন। এমন একচেটিয়াভাবে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা যেন বেশি সুবিধা করতে না পারেন, সে জন্য পরীক্ষাপদ্ধতিতে ওই পরিবর্তন আনছে পিএসসি। এটি করার আগে একটি তদন্ত কমিটি হয়।

পিএসসির এক সদস্য জানান, ৪০ ও ৪১তম বিসিএসে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা বেশি সুবিধা পেয়েছেন, যা নিয়ে বিভিন্ন পর্যায়ে বেশ আলোচনা হয়েছে। তখন পিএসসিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি বলেছে, পরীক্ষায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা পিছিয়ে পড়ছেন। তাই এখন থেকে প্রশ্ন করার ক্ষেত্রে সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির বিষয়টি দেখা হবে।

এ দিকে মৌখিক পরীক্ষায় প্রচলিত নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এখানে ২০০ নম্বর বরাদ্দ আছে। যারা লিখিত পরীক্ষায় পাস করেন, তারা এ পরীক্ষায় অংশ নেন। বর্তমান পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পর পরীক্ষার্থীদের ঢালাওভাবে নম্বর দেওয়ার বিধান আছে। এখানেই পরিবর্তনটা আসছে।

পরীক্ষা শাখা থেকে পিএসসির এক সদস্য বলেন, ৪১তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় চাকরিপ্রার্থীর জন্য বিভিন্ন বিষয়ে নম্বর ভাগ করে দেওয়া থাকবে। সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার হার কত, পোশাক–পরিচ্ছদে কেমন, মানসিক দক্ষতা কেমন, আত্মবিশ্বাস কতটা, সমস্যা সমাধানের দক্ষতা কতটা—এসব বিষয়ে আলাদা আলাদা নম্বরের ঘর থাকবে। সেখানে প্রত্যেক পরীক্ষক আলাদা করে প্রার্থীকে নম্বর দেবেন। শেষে সবার নম্বর যোগ করে মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারণ করা হবে। আগের মতো ঢালাওভাবে নম্বর দেওয়া হবে না।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, বিসিএসকে আরও যুগোপযোগী করার অংশ হিসেবে পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। সব পরীক্ষায় সবাই সমানভাবে সুযোগ পাক, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

প্রবা/ইউরি /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা