× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষ ও সহকর্মীকে পেটানোর অভিযোগ

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৭:০৮ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৭:২৭ পিএম

মারধরে আহত কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান ও ড. গিয়াশ উদ্দিন। প্রবা ফটো

মারধরে আহত কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান ও ড. গিয়াশ উদ্দিন। প্রবা ফটো

রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকায় বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষসহ আরেক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ মার্চ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে কলেজটির অধ্যক্ষ ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 

ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, ‘আমাদের কলেজ ইন্সপেকশন চলছিল। কলেজ জাতীয়করণ বিষয়ে পরিদর্শনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের একটি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিটি শিক্ষকের সাক্ষাৎকার নিচ্ছিলেন ঢাকার ইন্সপেকশন টিম। এ সময় আমাকে বলা হয় আমার রুমে (অধ্যক্ষ কক্ষে) গণ্ডগোল হচ্ছে। আমি ছুটে যাই। সেখানে গিয়ে দেখি, কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ড. গিয়াশ উদ্দিনের গাল গিয়ে রক্ত ঝরছে। তিনি কাঁদছেন, টিসু দিয়ে রক্ত মুছছেন। তাকে জিজ্ঞেস করতেই তিনি জানান, সমাজকর্ম বিভাগের শিক্ষক আব্দুল্লাহ হেল শাফি তাকে মেরেছেন।’

তিনি আরও বলেন, ‘শাফি ওখানেই বসে ছিলেন। এ সময় আমি শাফিকে বলি, আপনি এই বয়স্ক শিক্ষককে মারলেন! তখন শাফি তেড়ে এসে বলেন, ওকে মেরেছি তোকেও মারব। এই বলে তিনি আমাকে ধাক্কা দেন। এ সময় আমি পাশে থাকা একটি টেবিলের ওপর পড়ে যাই। আশপাশে থাকা শিক্ষকরা এসে আমাকে উদ্ধার করেন।’

অধ্যক্ষ বলেন, ‘সমাজকর্ম বিভাগের শিক্ষক আব্দুল্লাহ হেল শাফির বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদেরকে মারপিট করা এবং গালিগালাজ করার একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একবার আমাকে মারতে চেয়ে তেড়ে এসেছিলেন। মেয়র মহোদয়ের চাচাত বোন আমাদের কলেজের শিক্ষিকা বাবলির সঙ্গেও দুর্ব্যবহার করেছেন। ব্যবস্থাপনা বিভাগের লাইলুন নাহারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আইসিটির টিচার ইলিয়াসকে চড় মেরেছিলেন। কিছুদিন আগে অঙ্কের একজন জুনিয়র শিক্ষক আজমকেও মেরেছিলেন। কয়েকদিন আগে পরিসংখ্যান বিভাগের শিক্ষক আতিকুর রহমানকে ফোনে গালি দিয়েছেন। তিনি কলেজে একের পর এক এমন ঘটনা ঘটিয়ে চলেছেন।’

অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, ‘আমি অসুস্থ। আমার হাতে আঘাত পেয়েছি। আজকে (শনিবার) হাসপাতাল থেকে রিলিজ পেলাম। এ বিষয়ে কলেজ কমিটির সভাপতি আরিফুল হক কুমারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয়টি নিয়ে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখনও কোনো পক্ষ কোনো অভিযোগ করেনি। ঘটনা জানার পর কলেজে উপস্থিত হয়েছিলাম।’

অভিযোগের বিষয়ে কথা বলতে বঙ্গবন্ধু কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক আব্দুল্লাহ হেল শাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা