প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৮:৫৪ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৩ ২১:০৯ পিএম
বৃহস্পতিবার ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি প্রোগ্রামের উদ্বোধন ও প্রশিক্ষণে শিক্ষার্থীরা। প্রবা ফটো
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) আইন বিভাগের উদ্যোগে ‘ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি প্রোগ্রাম’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম ৬ মার্চ পর্যন্ত চলবে। আটটি বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন আইনের শিক্ষার্থী তিন দিনের এই প্রোগ্রামে অংশ নেবেন। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস, মার্কিন দূতাবাসের বিচার বিভাগ, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ও হার্থ বাংলাদেশের সহযোগিতায় এ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামে ফৌজদারি মামলার বিভিন্ন বিষয়; ওপেনিং স্টেটমেন্ট, সাক্ষী পরীক্ষা, সাক্ষী জেরা, অবজেকশন, যুক্তি-তর্ক বিষয়গুলোর প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রোগ্রামে বক্তব্য দেন সিইউবির আইন উপদেষ্টা অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া, হার্থ বাংলাদেশের ওয়াশিক মুহাম্মদ ইশতিয়াক ইজাজ, মার্কিন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা ক্রিস হাওয়ার্ড, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সানজাদ শেখ। প্রশিক্ষণ পর্বে ক্রিস হাওয়ার্ড ক্রিমিনাল অ্যাডভোকেসির প্রয়োজনীয়তা ও বিভিন্ন দিক তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, এআইইউবি, এশিয়া প্যাসিফিক, স্টেট ইউনিভার্সিটি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রোগ্রামে অংশগ্রহণ করছে।