বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ২১:০৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ২১:৩৯ পিএম
অধ্যাপক ড. দীপিকা রানী সরকার। সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রানী সরকার।
বুধবার (১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশিত হয়েছে।
রেজিস্ট্রার জানান, বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগমের মেয়াদ আগামী ৪ মার্চ পূর্ণ হবে। এজন্য আগামী দুই বছরের জন্য পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রানী সরকারকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
তিনি জানান, আগামী ৪ মার্চ হতে এই আদেশ কার্যকর হবে। এদিন বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম নবনিযুক্ত প্রভোস্টকে দায়িত্ব বুঝিয়ে দিবেন।
দায়িত্ব প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. দীপিকা রানী সরকার বলেন, ‘চিঠি পেয়েছি। আমাদের হলটি নতুন যাত্রা শুরু করেছে, তাই কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। আমার চেষ্টা থাকবে সেগুলো খুঁজে বের করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা।’